যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মোঃ সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৩ আগস্ট) ভোর ৬টা ৫ মিনিটের দিকে রাজারহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার সৌরব হোসেন তুষার যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার মোঃ জামাল হোসেনের ছেলে। তার মায়ের নাম পলি খাতুন।
র্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে পূর্ব বারান্দীপাড়া এলাকার স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) প্রতিদিনের মতো চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার দোকানে যান। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানায়, একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত বারান্দীপাড়া লিচুতলায় যেতে হবে।
ফোন পেয়ে আল আমিন মোটরসাইকেলযোগে লিচুতলার উদ্দেশ্যে দোকান থেকে বের হন। এরপর তিনি আর বাসা বা দোকানে ফিরে যাননি।
পরে ওইদিন বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা খবর পান, বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিনকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লিচুতলা মাদ্রাসার পেছনে জনৈক বাবুর মেহগনি বাগানে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় আল আমিনের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা মরদেহটি শনাক্ত করেন।
নিহত আল আমিন হোসেন যশোরের পূর্ব বারান্দীপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় স্বর্ণের কারিগর ছিলেন।
ঘটনার পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌরব হোসেন তুষারকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৌরব হোসেন তুষারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
যশোরে ক্লুলেস হ,ত্যা মা,ম,লা,য় ৪৮ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আ,সা,মি গ্রে,প্তা,র
Share
Read more