যশোর অফিস
যশোরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার সকালে বসুন্দিয়া ও অভয়নগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়ার জগন্নাথপুর খানপাড়া এলাকার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টার’, অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)।
পুলিশ জানায়, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নাশকতার পরিকল্পনা এবং বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে, অভয়নগরে ২০২৫ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলমগীর, নিয়ামুল ও রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাদের মধ্যে রাজীব শেখ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।