যশোর অফিস
যশোর শহরের রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি সোনার গহনা এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউল ইসলাম রবি।
ভুক্তভোগী রবিউল ইসলাম রবি, যশোর শহরের রেললোড ফুডগোডাউনের দক্ষিণের লক্ষণ শিকদারের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে তারা আত্মীয়ের বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। রাতের কোনো একসময় থেকে শুক্রবার (২১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ঘরের চাল কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের চাল কাটা এবং মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।
ঘটনার পর এলাকায় চুরি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রবিউল ইসলাম রবি।