যশোর অফিস
যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহসিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) যশোরের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মহসিন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে মহসিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে মহসিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।