যশোর অফিস
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সিজানকে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের মারধরের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মিছিলে শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টুসহ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস’, ‘শিক্ষার্থীর ওপর নির্যাতন চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বক্তব্যে কামরুজ্জামান বাপ্পি অভিযোগ করেন, সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে গেলে জাহিদ হাসান সিজানকে সচিব আব্দুল মতিন কয়েকটি চড় মারেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে শিক্ষা বোর্ডেও কর্মসূচি পালন করা হবে।
শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।