যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

Share

যশোর প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মোঃ হাবিল উদ্দিন বিশ্বাস (৫৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত শোয়া ১০টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা গেছে, মৃত মো: হাবিল উদ্দিন বিশ্বাস (৫৮) তার পিতার নাম মৃত মঈন উদ্দিন তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কিছু দিন আগে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন।

কারা হাসপাতালের নথি অনুযায়ী, বন্দি হাবিল উদ্দিন বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
রোববার রাত শোয়া ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শাকিরুল কবির পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় ওই বন্দিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছিল।

এদিকে বন্দির মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Read more