যশোরে সেলুনে চুরির মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ

Share

ভ্রাম্যমান প্রতিনিধি
যশোর শহরের একটি সেলুনে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. সাকিব হাসান (২৪) এবং যশোর সদর উপজেলার মো. আলী আকবর (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর পৌরসভার বেজপাড়া এলাকায় অবস্থিত একটি সেলুনে ১২ জুলাই রাত থেকে ১৩ জুলাই সকাল ১০টার মধ্যে দুর্বৃত্তরা দোকানের শাটারের হ্যাসবোল্ট কেটে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে দোকান মালিক বিষয়টি জানতে পেরে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মো. সাকিব হাসানকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃত কয়েকটি মালামাল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দ্বিতীয় আসামি মো. আলী আকবরকেও গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকেও চুরিকৃত মালামালের আরও কিছু অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে হেয়ার কাটার মেশিন, সিসি ক্যামেরার অংশ, ট্রিমার, প্রিমিয়াম ক্লিপারসহ বিভিন্ন সরঞ্জাম।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Read more