যশোরের কেশবপুরে তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনদের চলাফেরা

Share

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার অফিসপাড়া এলাকায় এক ঠিকাদার ও ব্যবসায়ীর বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এদিকে, বাসার সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের চলাফেরার কিছু দৃশ্য ধারণ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসার মালিক ঠিকাদার ও ব্যবসায়ী মো. মোখলেছুর রহমান মুকুল দেশের বাইরে অবস্থান করছেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, বাসা থেকে আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সোনা আক্তার বলেন, “এটি ডাকাতির ঘটনা নয়, বরং তালা ভেঙে চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বাসার মালিক দেশের বাইরে থাকায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

Read more