যশোর অফিস
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা এবং তাঁর স্ত্রী ও কন্যাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে রোববার রাতে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে বাদী ও তাঁর পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ৩০ জুন বিকেলে আইনজীবী সমিতি থেকে বাসায় ফেরার পথে রেলগেট মডেল মসজিদের সামনে তাঁর গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় টাকা না দিলে তাঁর স্ত্রী ও কন্যার অপূরণীয় ক্ষতি করার হুমকি দিয়ে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদার টাকা না পেয়ে গত ৬ জুলাই বিকেলে লোহার রড নিয়ে আসামিরা বাদীর বেজপাড়ার বাসভবনে প্রবেশ করে। বাদীকে না পেয়ে তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে পরিবারসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ৮ জুলাই আদালতে মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিতভাবে রেকর্ড করা হয়েছে।