যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক

Share

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা থানার বেনোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মারুফ (১৯)। তিনি জাকির হোসেনের ছেলে। গুরুতর আহত লাবিব (১৯) জামাল হোসেনের ছেলে। তারা উভয়েই ঝিকরগাছা উপজেলার বেনোয়ালি গ্রামের বাসিন্দা।
জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে বাঁকড়া অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনীর মহড়া চলাকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় লোকজন দ্রুত দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারুফকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত লাবিবের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Read more