যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পে কর্মরত এক এসআইয়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, মাদক মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশিত হয়নি।
স্থানীয়দের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ যুবকদের আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। কয়েকটি ঘটনায় যুবকদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও করেছেন তারা। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পে যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট এসআইয়ের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং সন্দেহভাজনদের আটক করে মাদক উদ্ধারের কথা বলে অর্থ আদায় করেন।
গত ২৭ ও ২৯ জুনসহ চলতি মাসের প্রথম সপ্তাহে তালবাড়িয়া, নওয়াপাড়া, ছোট গোপালপুর, শালিয়াট, শেখহাটি, ভুরুলিয়া, বাহাদুরপুর, পাঁচবাড়িয়া, নওদাগা ও আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব ঘটনার অনেক ক্ষেত্রেই পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ তানভীর বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই মুকুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো পুলিশ সদস্য অনিয়মে জড়িত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।