যশোরে ইজিবাইকে ফেলে যাওয়া টাকাসহ মূল্যবান ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল হাসপাতালে দায়িত্বরত পুলিশ

Share

যশোর প্রতিনিধি:
যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার সদৃশ সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
জানা গেছে, অনামিকা পাল (২৩), স্বামী সুজন পাল, গ্রামের বাড়ি কচুয়া, ইউনিয়ন কচুয়া, কোতোয়ালি থানা, যশোর। গত ৮ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি পুলেরহাট থেকে ইজিবাইকে দোড়াটনায় আসেন। নামার সময় ভুলক্রমে লাল রঙের একটি ভ্যানিটি ব্যাগ ইজিবাইকে রেখে চলে যান। ব্যাগের ভেতরে নগদ ৬ হাজার টাকা, এক জোড়া রুপার নুপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের বিভিন্ন অলংকার, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
এদিকে, মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের অলক মণ্ডলের ছেলে চন্দন (২২) ইজিবাইকে ব্যাগটি দেখতে পান। পরে তিনি ও মো. ইমন (২১) সততার পরিচয় দিয়ে ব্যাগটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে জমা দেন।
পুলিশ সদস্যরা ব্যাগে থাকা বিভিন্ন কাগজপত্র ও তথ্য যাচাই করে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করেন এবং মোবাইল ফোনে অনামিকা পালের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হাসপাতাল পুলিশ বক্সে অনামিকা পালের হাতে ব্যাগটি ও ভেতরে থাকা সব মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
নিজের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে অনামিকা পাল হাসপাতাল পুলিশ ও ব্যাগটি উদ্ধার করে জমা দেওয়া চন্দন ও ইমনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও তাদের এই সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।

Read more