যশোর প্রতিনিধি:
যশোর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। পৃথক তিনটি অভিযানে চৌগাছা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় ESKUF ও WINGS কফ সিরাপ উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই রাত ৮টা ২৫ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আলম (৫৪)-কে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমগীর মৃত আমজাদ হোসেন ওরফে ভদুর ছেলে। তাকে ১০ জুলাই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে একই দিন বিকেল ৫টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) রকি মণ্ডলের নেতৃত্বে চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাক (৫০)-কে আটক করা হয়। তার হেফাজত থেকে ২৫ বোতল ভারতীয় ESKUF কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক রাজ্জাক মৃত ওমর আলী খাঁর ছেলে এবং সিংহঝুলি (মাঠপাড়া) গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে ৬ জুলাই শার্শা উপজেলার জামতলা বাজার সংলগ্ন মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকায় ডিবির আরেকটি অভিযানে মো. হাবিবুর রহমানকে ২০ বোতল অবৈধ WINGS কফ সিরাপসহ আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার খলসী (বাজারপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে। পরদিন ৭ জুলাই তাকে আদালতে পাঠানো হয়।
যশোর জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
যশোরে চৌগাছা থানা ও ডিবির অভিযানে তিন মাদক কারবারি মাদকসহ গ্রেপ্তার
Share
Read more