যশোর প্রতিনিধি:
যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবক ও এক যুবতীকে আটক করে হাসপাতাল পুলিশে সোপর্দ করেছেন উপস্থিত রোগী, স্বজন ও অন্যান্য দর্শনার্থীরা। শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটকরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের একটি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তারা বাইরে না আসায় উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে যায় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। তারা কখনো নিজেদের প্রেমিক-প্রেমিকা, আবার কখনো স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। বিষয়টির প্রকৃত ঘটনা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।