যশোর অফিস
যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে বাচ্চু বিশ্বাস (২৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আহতের মা সেলিনা বেগম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। নামীয় আসামিরা হলেন রাসেল হোসেন, রায়হান, আল আমিন ও মফিজুর রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ জুলাই ক্ষিতিবদিয়া বাজারে একটি বন্ধ চায়ের দোকানের সামনে বাচ্চু বিশ্বাসের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় মামলা দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে আসামিরা এ হামলা চালায়।