দুই দিনের সফরে যশোরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Share

যশোর অফিস 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (১০ জুলাই) থেকে শনিবার (১১ জুলাই) দুই দিনের সরকারি সফরে যশোরে আসছেন। সফরকালে তিনি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন, ক্রীড়া, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং ডেঙ্গু সচেতনতাসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টা ১০ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি যশোর ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে জেলা পরিষদের আওতাধীন পুকুরপাড়ে বাস্তবায়নাধীন বনায়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
বিকেলে যশোর পৌরসভার মাঠে ‘রিপন অটোস জুনিয়র ফুটবল বিশ্বকাপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আর্থিক অনুদান ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা’-য় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্কাউটস, যশোরের অংশগ্রহণে যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
দুই দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহ প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করেছে।

Read more