যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিবন্ধিত ১ লাখ ১২ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৬০ জন অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় ৬৫২, বাগেরহাটে ২৫২, সাতক্ষীরায় ৩৯১, কুষ্টিয়ায় ৪১০, চুয়াডাঙ্গায় ২৪৬, মেহেরপুরে ১১২, যশোরে ৪৭৩, নড়াইলে ১৫৫, ঝিনাইদহে ৪৮৮ এবং মাগুরায় ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলার কয়েকটি কেন্দ্র থেকে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে।