যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলায় তালাকপ্রাপ্ত এক নারীকে জোরপূর্বক অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অপহরণ, জোরপূর্বক আটকে রাখা এবং ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বাঘারপাড়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৩০ বছর আগে তার মেয়ে মোছা. মিশকাতুন খাতুনের সঙ্গে স্বজন বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর তাদের তালাক হয়।
অভিযোগে আরও বলা হয়, তালাকের পরও সাবেক স্বামী স্বজন বিশ্বাস বিভিন্ন সময় তার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং অপহরণের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বজন বিশ্বাসসহ পাঁচজন তাদের বাড়িতে এসে একটি মাইক্রোবাসে জোরপূর্বক মিশকাতুন খাতুনকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলেও অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরিবারের দাবি, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তদের সহযোগিতায় তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে এবং তার ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় মো. জাকির হোসেন বাঘারপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাঘারপাড়ায় অপহরণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
Share
Read more