যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

Share

যশোর প্রতিনিধি:
যশোরে কাজী মেহেদী হাসান রিয়াদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার রিয়াদ যশোরের কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে। রোববার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায, কাজী মেহেদী হাসান রিয়াদ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রামনগর ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, আওয়ামী লীগ সরকারের সময় রিয়াদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে যুবলীগের ব্যানার তৈরি ও সরবরাহের সময় কয়েকজনকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে কাজী মেহেদী হাসান রিয়াদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

Read more