যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি রাজ্জাক ও সম্পাদক জিলহাজ নির্বাচিত

Share

যশোর প্রতিনিধি 
 যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা-১৭০৪) কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে ভোট প্রদানের হার ছিল শতভাগ।
নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনটি পদে একক প্রার্থী হওয়ায় সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আল আমিন এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. নূর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আব্দুল রাজ্জাক ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ পান ১৪ ভোট। সহ-সভাপতি পদে মো.আসাদুজ্জামান বাচ্চু ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. সিদ্দিকুর রহমান পান ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. জিলহাজ হোসেন ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুর রহমান তুহিন পান ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এস এম আসলাম উদ্দীন ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পান ১৯ ভোট।
প্রচার সম্পাদক পদে আজিবর রহমান ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. শাহেব আলী পান ৩০ ভোট। দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী ফজলু হক পান ৩৩ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন এবং সদস্য আনোয়ারুল কবীর নান্টু ও এস এম তৌহিদুর রহমান স্বাক্ষরিত ফলাফলে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

Read more