দুই দফা দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন ৬ জুলাই থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

Share

যশোর অফিস 
দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে মো.নজরুল ইসলামের নেতৃত্বে কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা উপজেলা সভাপতি আলম, শার্শা উপজেলা সভাপতি মো. আলী, কেশবপুর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর উপজেলা সভাপতি বাবলু, বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুর রব, চৌগাছা উপজেলা সভাপতি মো. সুলতান এবং অভয়নগর উপজেলার আলামিন।
বক্তারা বলেন,ডাক বিভাগের কর্মচারীদের তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। দ্রুত সময়ের মধ্যে এ দুই দফা দাবি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের পোস্ট অফিসগুলোতে কর্মবিরতি পালন করবেন ডাক বিভাগের কর্মচারীরা।

Read more