যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের সহযোগিতায় বিজিবির একটি দল কোতোয়ালী থানার চাঁচড়া গ্রামের বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় লিটন হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজে থাকা একটি নীল জিপারযুক্ত প্যাকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং এর বাজারমূল্য আনুমানিক ১২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক লিটন হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোরে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Share
Read more