নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে নড়াইলের আলোচিত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, গত ৩ জুলাই সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি অপূর্বকে গ্রেপ্তার করে।
একই দিন রাত ১০টার দিকে র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি প্রসেনজিৎকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ও ফরিদপুরে র্যাবের পৃথক অভিযান, প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
Share
Read more