অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তির কাছে হার মানেনি অন্ধত্ব, সফলতার দৃষ্টান্ত মেহেরপুরের মামুন

Share

যশোর অফিস 
দৃষ্টিশক্তি হারিয়েও জীবনযুদ্ধে হার মানেননি মেহেরপুরের মো. ওমর ফারুক (মামুন)। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং প্রযুক্তির সহায়তায় তিনি আজ একজন সফল কম্পিউটার প্রশিক্ষক, হোমিওপ্যাথি চিকিৎসক ও উদ্যোক্তা।
সম্প্রতি যশোর থেকে মেহেরপুরগামী বাসে সফরকালে মামুনের সঙ্গে পরিচয় হয়। কথোপকথনে উঠে আসে তার সংগ্রাম ও সফলতার গল্প। তিনি জানান, ২০০২ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চোখের সমস্যায় আক্রান্ত হন। ২০০৬ সালে এসএসসি পরীক্ষার আগে পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। এরপরও থেমে না থেকে শ্রুতি লেখকের সহায়তায় এসএসসি, এইচএসসি ও বিএসএস সম্পন্ন করেন।
২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তরের আওতায় মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেন আইকন আইসিটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেখানে এখন পর্যন্ত সাত হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আইকন হোমিও হল নামে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছেন।
২০১৬ সালে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ায় আন্তর্জাতিক দৃষ্টি প্রতিবন্ধী সেমিনারে অংশ নেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে একাধিকবার সম্মাননা দিয়েছে।
স্ত্রী রিক্তা খাতুন ও একমাত্র সন্তানকে নিয়ে সুখী সংসার গড়ে তুলেছেন মামুন। নিজের উপার্জনে নির্মাণ করেছেন বাড়ি। তার বিশ্বাস, অন্ধত্ব কোনো মানুষের অগ্রগতির পথে বাধা নয়; আত্মবিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।
মামুনের জীবনসংগ্রাম আজ অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Read more