যশোর অফিস
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে একই গ্রামের সালাম মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলা না করে আপস-মীমাংসার চেষ্টা এবং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেনের ভূমিকা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ জুন ভোরে রান্নাঘরে কাজ করার সময় সালাম মিয়া ওই গৃহবধূকে জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বুধবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে কেউ মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে আইয়ুব হোসেন বলেন, দুই পক্ষের অনুরোধে তিনি সালিশ করেছেন এবং উভয়ের সম্মতিতেই মীমাংসা হয়েছে। অর্থ লেনদেনের অভিযোগও তিনি নাকচ করেন।