যশোর প্রতিনিধি
যশোর শহরের খালধার রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবির একটি দল কোতোয়ালী থানাধীন খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি নীল জিপারযুক্ত প্যাকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, পশ্চিম বারান্দীপাড়া এলাকার বাসিন্দা মো. শহিদুল হালদার (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে যশোরের বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. সামিউল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Share
Read more