রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনকে আসামি করার আবেদন

Share

যশোর প্রতিনিধি 
যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতী গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনকে আসামি করার আবেদন জানিয়ে আদালতে মামলা করেছেন নিহতের মা রূপভান।
বুধবার তিনি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় দায়ের করা হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের পর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ জুন রাত ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোঁটা দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই তাদের আসামি করার আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের মা।

Read more