যশোর প্রতিনিধি
যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মনিরামপুর উপজেলার বাসিন্দা হারুনুর রশীদ নিখোঁজ হওয়ার ১২ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, তদন্তের দায়িত্ব বর্তমানে র্যাব-৬-এর কাছে রয়েছে। দ্রুত হারুনুর রশীদকে জীবিত উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।
অভিযোগের পরও চলছে ‘ড্রিম টাচ কোচিং সেন্টার’
যশোর শহরের নড়াইল রোডের ড্রিম টাচ কোচিং সেন্টারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পরও কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
তাদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন, যা নীতিমালার পরিপন্থী। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে ২৪ ঘণ্টায় আরও ৩ ডেঙ্গু রোগী শনাক্ত
গত ২৪ ঘণ্টায় যশোরে আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
কেশবপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ
কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রাজু আহমেদ।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জমিতে প্রবেশ করে বাধা দিলে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন।
কেশবপুরে যুবককে মারধরের অভিযোগ
কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
আহত মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।