যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৭ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৯

Share

যশোর প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ছয়জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট নয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Read more