যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন

Share

যশোর প্রতিনিধি 
যশোর জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়।
দ্বিতীয় ইভেন্টে সিট-আপ অনুষ্ঠিত হয়। এখানে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি সিট-আপ দিতে হয়।
তৃতীয় ইভেন্ট ছিল ড্র্যাগিং। এতে পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজন ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজন ২০ মিটার নির্ধারিত সময়ের মধ্যে টেনে নিয়ে যেতে হয়।
চতুর্থ ও শেষ ইভেন্ট ছিল রোপ ক্লাইম্বিং। এতে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ ফুট উচ্চতায় নির্ধারিত সময়ের মধ্যে দড়ি বেয়ে উঠতে হয়।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান।
পরীক্ষা শুরুর আগে সকল প্রার্থীকে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পাশাপাশি নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা বিভিন্ন সময়ে প্রার্থীদের মনোবল বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দিনব্যাপী সকল ইভেন্ট শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম তৃতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Read more