যশোরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক মামলা

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহরের এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বাদী কুসুম (ছদ্মনাম) উল্লেখ করেন, অভিযুক্ত আল মামুনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত বিভিন্ন সময় যশোর শহরের একটি ভাড়া বাসায় নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই সম্পর্কের কারণে বাদী দুইবার অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। পরবর্তীতে বিয়ের কথা বললে অভিযুক্ত নানা অজুহাতে এড়িয়ে যান। বিষয়টি উভয় পরিবারের কাছে জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ৭ জুন রাতে যশোর শহরের চৌরাস্তা মোড়ে দেখা হলে বাদী আবারও বিয়ের বিষয়টি তুললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি মীমাংসার জন্য টাকার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় বাদী যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বিঃদ্রঃ অভিযোগে উল্লিখিত বিষয়গুলো বাদীর দাবি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।

Read more