যশোর প্রতিনিধি
যশোর শহরের বড় মাছ বাজারে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শহরের পূর্ব বারান্দী মাঠপাড়া এলাকার মিরান গাজীর ছেলে ও বড়বাজারের মেঘনা ফিশের ম্যানেজার মো. জাহিদ হাসান শোভন (৩২) জানান, স্থানীয় আলা (৩৭) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, শনিবার (২৮ জুন) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বড় মাছ বাজারে আড়তের বকেয়া টাকা আদায়ের সময় আলা ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগী তার পথরোধ করে পুনরায় চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে প্যান্টের পকেটে থাকা আড়তের আদায়কৃত নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং গলায় থাকা ১ ভরি ৩ আনা ওজনের প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে বাজারের ব্যবসায়ী ও কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী জানান, ঘটনার পর আড়তের মালিক ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, “এমন একটি ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
যশোরে মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ
Share
Read more