যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩টি সোনার বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত সোনা, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান,তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেন। পরে যশোর হয়ে সীমান্তবর্তী পুটখালী দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো বহন করছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ১৩টি স্বর্ণের বারের মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
যশোরে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক উদ্ধারকৃত সোনার মূল্য ২.২২ কোটি টাকা
Share
Read more