যশোরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে অবস্থিত ‘নিউ ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইটভাটার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাটার আশপাশে বসবাসকারী প্রায় ৫০টি পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ইটভাটাটি পরিবেশ ও বসবাসের অনুপযোগী পরিস্থিতি তৈরি করছে। বিষয়টি নিয়ে তারা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
স্থানীয়দের দাবি, ইটভাটাটির প্রায় ১৫০ গজের মধ্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া আশপাশে একাধিক আবাদি জমিও অবস্থিত। ভাটা থেকে নির্গত ধোঁয়া ও পরিবেশগত প্রভাবের কারণে শিক্ষার্থী ও গ্রামবাসীর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি কৃষিজমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয় হাজরাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কওসার আলী বলেন, স্কুলের পাশাপাশি ইট ভাটার চুল্লি থেকে যে ধোঁয়া আছে ওই ধোঁয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকে।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Read more