যশোর চৌগাছায় বিএনপি কর্মী হত্যা মামলার জেরে ছুরিকাঘাতে আহত ১

Share

যশোর অফিস 
যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যা ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জামালতা সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজাউল ইসলাম ধুলিয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ফতেপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন বিকেলে সিংহঝুলী ইউনিয়নের বেড়গোবিন্দপুর বাওড়ে আতিয়ার রহমান (৪২) নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার মরদেহ কচুরিপানার নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফতেপুর গ্রামের কবির ও মুক্তার নামে দুই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে নিহত আতিয়ারের ভাই রাশেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রেজাউল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read more