‘বিশ্বকাপটাই জিতে নেবে ফ্রান্স’, বললেন হালান্ড

Share

ইরাক আর সেনেগালের বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল! আর্লিং হালান্ডের এমন অতিমানবীয় পারফরম্যান্সে এক ম্যাচ বাকি রেখেই ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগেই শেষ ষোলোর টিকিট কেটেছে তারা।

সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের পর নরওয়ে শিবিরে যখন উল্লাসের জোয়ার, ঠিক তখনই ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দল নিয়ে এক বিস্ফোরক ও সোজাসাপ্টা মন্তব্য করে বসলেন হালান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়া নিয়ে রীতিমতো ‘উদাসীনতা’ প্রকাশ করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যাচটি মাঠে গড়ানোর আগেই যেন এক প্রকার হার মেনে নিলেন তিনি!
ফক্স স্পোর্টসকে দেওয়া এক ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে হলান্ড বলেন, ‘সত্যি বলতে, এই ম্যাচটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা নকআউট পর্বে উঠে গেছি, এটাই অবিশ্বাস্য।

তাই এখন ওই ম্যাচটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার দেখছি না।’
এখানেই থামেননি নরওয়েজিয়ান গোলমেশিন।

ফ্রান্সকে ফেভারিট মেনে নিয়ে তিনি আরও যোগ করেন, ‘ওরা (ফ্রান্স) সম্ভবত আমাদের বিপক্ষে জিতবে, এমনকি ওরাই হয়তো এবারের পুরো বিশ্বকাপটা জিতে নেবে।’

কাগজে-কলমে অবশ্য ফ্রান্স ও নরওয়ের এই হাইভোল্টেজ ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম সেরা আকর্ষণ। এই ম্যাচের ফলাফলেই নির্ধারণ হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাবে, যা দুই দলের পরবর্তী যাত্রায় বড় প্রভাব ফেলবে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ সেরা হবে ফরাসিরা।

তবে ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচের মূল আকর্ষণ অন্য জায়গায় বর্তমান প্রজন্মের সেরা দুই গোলশিকারী এমবাপ্পে ও হালান্ডের দ্বৈরথ। ক্লাব ফুটবলে বেশ কয়েকবার মুখোমুখি হলেও আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন এই দুই মহাতারকা।

চলতি বিশ্বকাপে দুই জনই আছেন বিধ্বংসী ফর্মে। আসরে ইতিমধ্যে ৪টি করে গোল করে ফেলেছেন এমবাপ্পে ও হালান্ড। গোলদাতার তালিকায় ৫ গোল করা আর্জেন্টিনার লিওনেল মেসির ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন এই দুই তরুণ ফরোয়ার্ড।

Read more