চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।