দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০৬ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ জন, গত ১৫ মার্চ থেকে ১২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৬৫ জন।
১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে।