ছাগল গিলে খেয়ে নদীর চরে পড়ে ছিল অজগর, উদ্ধার করল বন বিভাগ

Share

সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রামে গৃহপালিত একটি ছাগল আস্ত গিলে ফেলেছে একটি অজগর। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চর থেকে অজগরটিকে উদ্ধার করেছে বন বিভাগ।

ছোট হয়ে আসা ভোলা নদীর পশ্চিম পাড়ে সুন্দরবন আর পূর্ব পাড়ে রসুলপুর গ্রাম। ওই গ্রামের সোহরাব ফরাজীর একটি ছাগল অন্যদিনের মতো সকালে ঘাস খেতে ভোলা নদীর চরে যায়। দীর্ঘ সময় পরেও ছাগলটিকে আর না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে পাশের ঝোপঝাড়ের মাঝে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান স্থানীয়রা। অজগরটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। তা দেখেই সবাই ধারণা করছে, অজগরটি ওই ছাগলটিকে গিলে খেয়েছে। সেখানে অজগরটি ভালোভাবে নড়াচড়াও করতে পারছিল না।

খবর পেয়ে কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) সদস্য সেখানে যান। খবর দেওয়া হয় বন বিভাগকে। বন বিভাগ জানায়, অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন ছিল ৩৫ কেজি।

সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। অজগরটি দেখতে আশপাশে শত শত মানুষ জড়ো হয়।

ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, ‘সুন্দরবন থেকে আসা অজগরটি আমার ছাগলটি আস্ত গিলে খেয়েছে। আমার খুবই ক্ষতি হলো।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Read more