যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাখোলা পৌরসভায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুইজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে দোহাখোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ লিটন হোসেন (৩৮) ও লাল বানু খাতুন (৫৫)। তারা দুজনই দোহাখোলা গ্রামের বাসিন্দা। লিটন হোসেন নুরুল ইসলামের ছেলে এবং লাল বানু খাতুন একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের তারেক (৩৫), মিঠু (৪১) ও লিটন (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন শনিবার সকালে তাদের বসতবাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে হামলা চালালে লিটন হোসেন ও লাল বানু খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।