মাঠের বাইরে তাকে নিয়ে চলছে উত্তাল আলোচনা। বিসিসিআই-এর হস্তক্ষেপে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া এবং এর ফলে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন; সবকিছুর কেন্দ্রবিন্দুতে তিনি।
কিন্তু মোস্তাফিজুর রহমান যেন অন্য ধাতুতে গড়া। বাইরের এসব শোরগোলকে মাঠের খেলায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে দেননি এই বাঁহাতি পেসার।
চলমান বিপিএলে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। এমনকি খেলার বিরতিতে তাকে বেশ ‘চিল’ মুডেই দেখা যাচ্ছে। এই যেমন, সম্প্রতি নিজের ফেসবুক পেইজে প্রকৃতি উপভোগের একটি ছবি পোস্ট করেছেন তিনি।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা মোস্তাফিজের এমন মানসিক দৃঢ়তা দেখে অবাক হয়েছেন খোদ ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।
আইপিএলে ৯.২ কোটি রুপির চুক্তির সুযোগ হাতছাড়া হওয়ার পর অনেক ক্রিকেটারই মানসিকভাবে ভেঙে পড়তে পারতেন।
কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। রংপুর রাইডার্সের ডিরেক্টর শাহনিয়ান তানিম তার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মোস্তাফিজের প্রতিক্রিয়া নিয়ে আমরা প্রথমে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু তার স্নায়ু যেন ইস্পাত দিয়ে তৈরি।
সে অত্যন্ত পেশাদার এবং জীবনের চড়াই-উতরাইকে সহজভাবে গ্রহণ করতে জানে।’
মাঠের পারফরম্যান্সই বলছে মোস্তাফিজ কতটা অবিচল। এখন পর্যন্ত বিপিএলে ৫টি ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছেন ৯টি উইকেট। ইকোনোমি রেট ৬.৯৪। তার এই কার্যকর বোলিংয়ের ওপর ভর করেই ৫ ম্যাচের ৪টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।
মোস্তাফিজের ফর্মই যেন বলে দিচ্ছে, মাঠের বাইরের রাজনীতি তার ক্রিকেটের ক্ষুধা কমাতে পারেনি।
রংপুর রাইডার্স বর্তমানে টেবিল টপার হলেও তারা এখনই শিরোপার স্বপ্নে বিভোর হতে চায় না। শাহনিয়ান তানিম জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চান। আগে সেরা চারে জায়গা নিশ্চিত করা, তারপর সেরা দুই এবং শেষে ফাইনাল, এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে চায় দলটি। আর এই প্রক্রিয়ার সবচেয়ে বড় তুরুপের তাস এখন মোস্তাফিজুর রহমান।