যশোর অফিস: যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওহিদ গাজীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং সজীব আহমেদ ও শামীম শেখকে তিন মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।
ভুক্তভোগী মা-বাবার অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা না পেয়ে ওই তিন যুবক দীর্ঘদিন ধরে মা-বাবার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।