যশোর অফিস: ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে যশোর আদালতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে তাঁকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন মানিক। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরলেও সোমবার দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।