যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে  অভিভাবক আ,টক

Share

যশোর অফিস: যশোরের ঝিকরগাছায় সন্তানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবকের নাম মো. ইউনুস আলী। তাঁর ছেলে আরফিন আহমেদ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হয়।

বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ফলাফল প্রকাশের পর ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া অভিযুক্তের স্ত্রী ও স্থানীয় ব্যক্তি নয়ন দর্জির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Read more