যশোর নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের গুজব,ওসি বললেন ভুয়া ঘটনা

Share

যশোর অফিস 
যশোর নিউমার্কেট এলাকায় হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেএমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালানো হয়েছে। তবে এ ঘটনাকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তিনি জানান, কিছু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ককটেল বিস্ফোরণের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ওসি কবির হোসেন আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর শহর ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, সংশ্লিষ্ট এলাকায় সন্ধ্যা থেকেই পোশাকধারী পুলিশের টহল অব্যাহত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্যও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Read more