যশোরে পুলিশ কর্মকর্তার বাসার গ্যারেজ থেকে চু,রি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, গ্রে,প্তার ২

Share

যশোর প্রতিনিধি
যশোরে পুলিশ কর্মকর্তার বাসার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাদ হোসেন (২৭) ও মো. আলম শেখ (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর রাতে যশোর কোতোয়ালি থানায় নাইট ডিউটি অফিসারের দায়িত্ব পালন শেষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সকালে বাসায় ফিরে গ্যারেজে তাঁর ব্যবহৃত ইয়ামাহা এফজেডএস ভি৪ (ম্যাট ব্ল্যাক) মোটরসাইকেলটি দেখতে পাননি। গ্যারেজের তালা খোলা এবং মোটরসাইকেলটি চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ করেন। চুরি হওয়া মোটরসাইকেলটির মূল্য ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
পরে পুলিশের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮ নভেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাগান উত্তরপাড়া এলাকার একটি বাড়ির বাগান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ হোসেন ও আলম শেখকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৯টা ১৫ মিনিটে তাঁদের কোতোয়ালি থানায় হাজির করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন (২৭) ও আলম শেখের (১৯) পিতা মো. আবু সাদ্দাম তাঁদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার পুঁটিখালী এলাকায়। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চুরি ও প্রতারণার অভিযোগ রয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নম্বর ০৪, তারিখ ২ নভেম্বর ২০২৬। মামলার তদন্ত ও চুরি-সংক্রান্ত তথ্য যাচাইয়ের স্বার্থে গ্রেপ্তার দুজনকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

Read more