যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী মাঠে কপির চারা রোপণ করতে গিয়ে কুদ্দুসের সেচ বোরিং ও ধানখেতের পাশে নারী-পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
ঘটনাস্থলে কেশবপুর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও পিবিআই কর্মকর্তা দেবব্রত হরিসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তদন্ত কার্যক্রমে অংশ নেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাফিজুর রহমান বলেন পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাঁরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে এবং কারা তাঁদের হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।