কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সাবেক স্ত্রীকে বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই সন্তানের জননী মোছা. আশা খাতুন (২৭) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন। গত ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করা হয়েছে মামলায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওয়াজেদ আলী খান ডবলু (৫৫) কেশবপুর উপজেলার মধ্যকূল খানপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে বাদী আশা খাতুন একই উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ১৫ এপ্রিল তাঁদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তবে ২০২৫ সালের ১০ মে ওয়াজেদ আলী তাঁকে রেজিস্ট্রি তালাক দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের কয়েক মাস পর আবারও আশা খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করেন ওয়াজেদ আলী। মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে তাঁদের মধ্যে পুনরায় ঘনিষ্ঠতা তৈরি হয়। এ সময় ওয়াজেদ আলী তাঁকে আবার বিয়ে করে সংসার করার প্রস্তাব দেন। পাশাপাশি নিজের বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তাঁর কথায় বিশ্বাস করে আশা খাতুন সাবেক স্বামীর বাড়িতে ফিরে যান।
বাদীর অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ওয়াজেদ আলী তাঁকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন। ওই দিন রাতে তিনি অভিযুক্তের বাড়িতে অবস্থান করতে রাজি হন। একপর্যায়ে অভিযুক্ত তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে তিনি বিয়ের আগে এতে রাজি নন বলে জানান। পরে ওয়াজেদ আলী নিজের অপর স্ত্রীদের তালাক দিয়ে এক মাসের মধ্যে তাঁকে রেজিস্ট্রি বিয়ে করার আশ্বাস দেন। একই সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে বিয়ে করবেন না বলেও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আরজিতে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ও নানা আশ্বাস দিয়ে তাঁর সম্মতি আদায় করে অভিযুক্ত ওই রাতে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির শয়নকক্ষে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন বাদী। প্রায় আট মাস ধরে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ওয়াজেদ আলীকে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাপ দেন। তখন অভিযুক্ত তাঁকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। এ সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক-মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করলে তাঁদের একসঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত। এমনকি পরিচিত ব্যক্তিদের দিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বাদী। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে অভিযুক্তের একাধিক বিয়ের বিষয়টিও তুলে ধরেছেন বাদী। তাঁর দাবি, অভিযুক্তের বিভিন্ন স্ত্রী ও সংসার রয়েছে। মামলার আরজিতে ১২ জন স্ত্রী এবং তাঁদের সংসারে ১২ সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাদী তাঁর বক্তব্যে অভিযুক্তের ১৩টি বিয়ে করার দাবি করেছেন। এসব বিয়ে ও বিচ্ছেদের পক্ষে বিভিন্ন নিকাহনামা ও তালাকনামার কপিও আদালতে দাখিল করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
বাদী আশা খাতুনের ভাষ্য, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। অভিযুক্ত কেশবপুরের প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা থেকে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রথমে কেশবপুর থানায় এ ঘটনায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামা সম্পাদন করে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন তিনি।
মামলার সঙ্গে বাদীর জন্মনিবন্ধন সনদ, আগের বিয়ের কাবিননামা, তালাকের কাগজপত্র, অভিযুক্তের অন্য বিয়ে ও তালাকসংক্রান্ত নথি এবং তাঁদের দুই সন্তানের জন্ম ও টিকাসংক্রান্ত কাগজপত্র দাখিল করা হয়েছে বলে আরজিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে নির্ধারিত হাসপাতালে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতেও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বাদী।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(খ) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন বাদী।