মহেশপুর সীমান্তে যশোরের মনি বেগমের লাশ উদ্ধার

Share

যশোর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে মনি বেগম (পরিচয় শনাক্ত হওয়া নারী) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়ীয়া বিলের একটি ধানক্ষেতের আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। নিশ্চিত করেছেন ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় কৃষক ইসমাইল হোসেন পিপুলবাড়ীয়া বিলের একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি মহেশপুর সীমান্তের কুসুমপুর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানান। কুসুমপুর বিওপি কর্তৃপক্ষ মহেশপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্তে করা হয়। তিনি যশোর পৌরসভার কোতোয়ালি থানাধীন চোপদারপাড়া এলাকার বাসিন্দা। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় মনি বেগম বলে জানা যায়।
মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা এবং একটি মোবাইল নম্বর ও নাম লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহতের ডান পায়ের নিচে ক্ষতচিহ্ন, হাতের নখে কালচে দাগ এবং ডান কানের লতি সামান্য কাটা অবস্থায় পাওয়া গেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাতের আঁধারে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাপের কামড়,বা অসুস্থতা কিংবা অন্য কোনো আকস্মিক কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় মহেশপুর থানায় ৩ নভেম্বর ২০২৬ তারিখে ১৪৭ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read more