যশোর প্রতিনিধি
যশোর শহরের আরবপুর মোড়ে পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ আল-আমিন (২৬) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে তাঁকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগে ঢুকে আবারও মারধর করা হয়। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নাদিম (২৮) নামে আরও এক যুবক আহত হন।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের আরবপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত আল-আমিন আরবপুর মোড় এলাকার রিপন সরদারের ছেলে।
অভিযোগ অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে রাব্বি (২৮), তাঁর বাবা আলমগীর, শামীম (৩২), তারেক (৩০), তাঁর বাবা কুদ্দুস, জাকারিয়া (২৫) ও মামুনসহ কয়েকজন আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তাঁদের সবার বাড়ি যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকায়।
পরে স্বজন ও সঙ্গীরা আল-আমিনকে রাত ৯টা ২০ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক টগরের নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন জরুরি বিভাগে ঢুকে আল-আমিনকে পুনরায় মারধর করেন।
এ সময় মারামারি ঠেকাতে গেলে নাদিম (২৮) নামে আরেক যুবক হামলার শিকার হন। তিনি আরবপুর এলাকার মৃত মোরশেদ মিয়ার ছেলে।
যুবদল নেতা টগর বলেন যুবদলের প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে অহত আলামিন সহ কয়েকজন এনসিসি কর্মী যুবদলের প্রোগ্রামে কর্মী আসতে বাধা প্রদান করে এ কারণেই তাকে মারপিট করা হয়।